কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ২০০ বছরের পুরান মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে। সোমবার দুপুরে মাটি কাটার সময় ওই মুদ্রা বেরিয়ে আসে। এরপর শ্রমিকসহ স্থানীয়রা সেগুলো কুড়িয়ে নিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা পুলিশ কয়েক দফায় সেখানে অভিযান চালিয়ে ৪৩ টি সিলভার কালারের মুদ্রা উদ্ধার করে। তবে স্থানীয়রা বলছে, মাটি কাটার সময় শ শ মুদ্রা বেরিয়ে আসে। তাদের দাবি উদ্ধার হওয়া কয়েনগুলোর সবই রৌপ্যমুদ্রা। তবে কী পরিমাণ মুদ্রা পাওয়া গেছে তা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী জানিয়েছে, পুলিশ তাদের কাছ থেকে অর্ধশত মুদ্রা নিয়ে গেছে, বাকি মুদ্রা শ্রমিকরা আত্মসাত করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সুদিপ দে। তার বাড়িতে রয়েছে চার পুরুষ আগের ২০০ বছরের একটি পুরাতন মাটির ঘর। ১৫ দিন আগে পুরাতন সেই ঘর ভেঙে মেঝের মাটি কেটে পানবরজে নিচ্ছিল শ্রমিকরা। সোমবার মাটি কাটার সময় পাওয়ার ট্রিলারের চাকার সাথে হঠাৎ বেরিয়ে আসে শত শত মুদ্রা। সুদিপ কুমার দে জানান, আমার দাদার বাবা এই মাটির ঘরটি তৈরি করেন। তখন থেকেই পর্যায়ক্রমে এই ঘরে আমরা বসবাস করে আসছি। সম্প্রতি ঘরটি ভেঙে সেই মাটি মাঠের পানবরজে নেয়া হচ্ছিল। সে সময় মাটির নিচ থেকে রৌপ্য মুদ্রা বের হয়ে আসে। এ সময় আমার ভাবি করুণা রাণী দে ২৬ টি কয়েন কুড়িয়ে রাখেন। সেগুলো সোমবার সন্ধ্যায় সাদা পোশাকের পুলিশ এসে নিয়ে গেছে। পরে রাতে আরো দু দফায় পুলিশ বাড়িতে এসে তল্লাশি চালায়।
জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন বলেন, আমি লোকমুখে শুনেছি একটি পুরাতন বাড়ির মাটি কাটার সময় রৌপ্য মুদ্রা বেরিয়ে আসে, যা উপস্থিত সবাই যে যার মতো কুড়িয়ে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মুদ্রা উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী জানান, সংবাদ পেয়ে সন্ধ্যায় ওই গ্রামে অভিযান চালিয়ে ৪৩ টি মুদ্রা উদ্ধার করা হয় বাকি মুদ্রা স্থানীয়রা সরিয়ে ফেলেছে। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে ২২টিতে রাণীর ছবি ও ২১টিতে ব্রিটেনের রাজার ছবি রয়েছে। মুদ্রাগুলো প্রতœতাত্তিক অধিদফতরে জমা দেয়া হবে বলে জানান তিনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, সাংবাদিকদের কাছ থেকে জানার পর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।





