স্টাফ রিপোর্টার॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তন্বয় মধুর বিরুদ্ধে ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজের ছাত্রীর ধর্ষণ অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আজ এর রিপোর্ট দেয়া হতে পারে। রিপোর্টে ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আনিত অভিযোগ এড়িয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা তন্বয় মধু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। আর অভিযোগকারী ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজের ছাত্রী। দু’জন পরস্পরের আত্মীয়। গত ১৮ জানুয়ারি তারা গ্রামের বাড়ি বেড়াতে যায় এবং পরস্পরকে ভালোবেসে বিয়ে করতে রাজি হন। এ সময় ডা. তন্ময় মধু তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ অভিযোগ এনে ওই ছাত্রী জানুয়ারির শেষ সপ্তাহে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের কাছে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সে মোতাবেক তত্ত্বাবধায়ক বিষয়টি আমলে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি উভয় পক্ষের বক্তব্য লিখিতভাবে গ্রহণ করেন। তবে বিষয়টি গোপনীয় রাখা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি প্রতিবেদন লেখার কাজ শেষ করেছেন। আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র ইঙ্গিত দিয়েছেন। সূত্র মতে, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিষয়টি একান্তই পারিবারিক। তারা নিকটতম আত্মীয়। একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে এ ঘটনা ঘটে। তাই পারিবারিকভাবে অভিভাবক পর্যায়েতাদের সমস্যার সমাধান করতে হবে।




