কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তত্তিপুর বাজারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশসহ তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার আলাইপুর গ্রামের তোবারক মন্ডলের ছেলে রতন মন্ডল (৩৪), তত্তিপুর গ্রামের দিগম্বর কুমার দেবনাথের ছেলে প্রসেনজিত কুমার দেবনাথ (২৪) এবং বলরামপুর গ্রামের শাহিনুর মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল (২২)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা, মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তত্তিপুর বাজার এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তিতে ৮ বস্তা বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।




