লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া বাজারে চার শতক খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, লোহাগড়া বাজারের মোল্লা মার্কেটের পাশে চার শতক খাস জমি দখল করে তার ওপর নির্মাণ করা হচ্ছে একটি মার্কেট। লিটন মোল্লা নামে এক ব্যক্তি নিজ জমি সংলগ্ন ওই জমি দখল করে মার্কেট ভবন নির্মাণ করছেন। সরজমিনে গিয়ে জানা যায় যে, লোহাগড়া মৌজার এস.এ দাগ নং- ৯৩৮, ৯৩৯, ৯২০ হাল দাগ নং- ৪৬৮৪ এর ৩৫.৫০ শতক জমির মধ্যে চার শতক খাস জমি রয়েছে। তবে, ওই চার শতক খাস জমির স্থান নির্দিষ্ট করা নেই। লিটন মোল্লা নিজ জমি সংলগ্ন খাস জমিতেই ভবন নির্মাণ করছেন। উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত পেশকার আব্দুর রহমান জানান, লোহাগড়া মৌজায় ৪৬৮৪ নং হাল দাগে চার শতক জমি বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত। এই ব্যাপারে লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, লোহাগড়া বাজারের ৪৬৮৪ নং হাল দাগে চার শতক জমি খাস খতিয়ানভুক্ত। যে কারণে মার্কেট ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত লিটন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী বলেন, যে জমিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে, সেটা খাস খতিয়ানভুক্ত কিনা তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সরকারি খাস জমি হলে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।





