আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিমান বিহারী ঢালী যুদ্ধে অংশগ্রহণ করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। তিনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের জীতেন্দ্র নাথ ঢালীর পুত্র। বিমান বিহারী ঢালীর বামনডাঙ্গা গ্রামে তাঁর দোতলা পাকা ভবন ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। যুদ্ধকালীন দীর্ঘ সময় তাদের বাড়িতে মুক্তিযোদ্ধারা বিশ্রাম/অবকাশ যাপন করতেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয়ের জন্য বিশাল বাড়িটি ছেড়ে দিয়ে হেতাইলবুনিয়া (কাজলনগর) ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করেন। ৯ নং সেক্টরে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পের প্রশিক্ষক জি এম আব্দুল গনি ক্যাম্পে বিমান ঢালীর প্রশিক্ষণ গ্রহণ ও রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন। স্বীকৃতিস্বরূপ ৯ নং সেক্টরের আঞ্চলিক অধিনায়ক আতাউল গনি ওসমানীর সনদ প্রদান করা হয়েছিল। যার ক্রমিক নং ১৬৯২৪৬। কিন্তু এতকিছুর পরও তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হননি। পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করেন, কিন্তু যাচাই-বাছাইয়ের আগেই ২০১৬ সালে ২২ মে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পুত্র প্রভাষক নিত্যানন্দ ঢালী তার বাবার স্বীকৃতি আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।





