যশোর-৬ আসনে উপনির্বাচনে বিএনপি’র প্রার্থী আবুল হোসেন আজাদ

স্টাফ রিপোর্টার॥ ২৯ মার্চ অনুষ্ঠেয় যশোর-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আবুল হোসেন আজাদ। গতকাল সোমবার রাতে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। ওই সভায় আরও ঘোষণা করা হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর সভাপতি শাহাদাত হোসেন ও সংসদের বগুড়া-১ আসনে উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকিরের নাম। তিন প্রার্থীই বলেছেন, কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে তারা অংশ নিচ্ছেন। তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ভোটে সেনা মোতায়েনের দাবিও জানান।
যশোর-৬ আসনের প্রার্থী আজাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি। তার বয়স ৫৬ বছর। একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান বৈঠকে ছিলেন।

ভাগ