স্টাফ রিপোর্টার ॥ টাস্কফোর্সের একটি টিম সোমবার দুপুরে যশোরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে পাঁচ বোতল ফেনসিডিল ও দেড় লিটার চোলাই মদসহ তিনজন আটক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি, মো. মাহমুদুল হাসান ও তাহমিদুল ইসলামসহ বিজিবি, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি টিম দুপুরে কয়েকটি স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ায় বন্দুকযুদ্ধে নিহত কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরার স্ত্রী মাদক ব্যবসায়ী রেখার আস্তানা, চাঁচড়া রায়পাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ভানু, শিউলী ওরফে শিলি ও আনুর বাড়িতে, হাটখোলা রোডে হোটেল মিডটাউনের সামনে এবং উপশহর বি-ব্লকে এ অভিযান চালানো হয়। কিন্তু রেখার আস্তানা এবং ভানু, শিলি ও আনুর বাড়িতে তল্লাশি চালিয়েও কোন কিছু পায়নি টাস্কফোর্স। তবে হোটেল মিডটাউনের উত্তর পাশ থেকে দেড় লিটার চোলাই মদসহ নান্টু হোসেন ও শফিকুল ইসলাম নামে দুজন মাদকসেবীকে আটক করা হয়। এ ছাড়া উপশহর বি-ব্লক এলাকার একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে পাঁচ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সেখান থেকে মিজানুর রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে টাস্কফোর্স। মিজানুর রহমান শহরের ঘোপ জেল রোডের মৃত আব্দুল কাদেরের ছেলে। সূত্র জানায়, মিজানুর রহমান একজন মাদক ব্যবসায়ী। এর আগে ২০১৯ সালের ১৩ এপ্রিল কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন উপশহরের ওই ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিলেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, টাস্কফোর্সের অভিযানে আটক মো. নান্টু হোসেন ও শফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত সাত দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। নান্টু হোসেন শহরের বেজপাড়া মেইন রোডের আনিসুর রহমানের ছেলে ও শফিকুল ইসলাম বারান্দী মোল্লাপাড়ার মৃত জামাল হোসেনের ছেলে।





