চাকরির শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের দায়িত্ব নিতে হবে -এডিশনাল আইজি

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ এডিশনাল আইজি মীর শহীদুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, “চাকরির শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের দায়িত্ব নিতে হবে। এই বাহিনীর সদস্যদেরকে সততা এবং দক্ষতার সাথে তাদের ওপর অর্র্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তিনি বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে সমগ্র জাতি যখন অধীর আগ্রহে প্রতিক্ষারত ঠিক সেই সময় অনুষ্ঠিত হচ্ছে আজকের সমাপনী কুচকাওয়াজ। সোমবার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৩ তম নারী টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুছ আমিন, ডেপুটি কমান্ড্যান্ট হাবিবুর রহমান খান।  অনুষ্ঠানে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী টিআরসিদের মধ্যে পদক ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। নারী টিআরসি ৯০৩ জনের মধ্যে ৯০০ জন সফলভাবে প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে পুলিশ সদস্য হিসেবে যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে পুলিশ ও বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাগ