স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়ায় প্রতারণার মাধ্যমে ইজিবাইক নিয়ে চম্পটের ঘটনায় জড়িত পোল্ট্রি শাওন (২২) নামে এক যুবককে গত রবিবার আটক করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঢাকায় যাবার টাকা সংগ্রহ করতে কয়েক বন্ধু মিলে প্রতারণার মাধ্যমে ইজিবাইক চুরি করে বলে সে জবানবন্দিতে আদালতকে জানিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
জবানবন্দিতে পোল্ট্রি শাওন জানিয়েছে, ঘটনার দিন বিকেলে এক বন্ধু তাকে ডেকে বেজপাড়া এলাকার একটি ফুলবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপর বন্ধু হানিফ উপস্থিত ছিল। এ সময় হানিফ তাকে জানায়, তারা ঢাকায় যাবে। কিন্তু টাকা নেই। এ জন্য সে (হানিফ) ইজিবাইক চুরি করার কথা বলে। এরপর হানিফসহ তার আরেক বন্ধু চৌরাস্তায় গিয়ে একটি ইজিবাইক ভাড়া করে নিয়ে আসে। বেজপাড়ায় নিয়ে আসার পর তারা কৌশলে ইজিবাইক চুরি করে। পরে ওই ইজিবাইকটি তারা বাস টার্মিনাল এলাকার একজন দোকানদারের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। এই টাকা তারা ভাগাভাগি করে নিয়েছে।
পুলিশ জানায়, টিবি কিনিক এলাকার আব্দুল জলিলের ছেলে পোল্ট্রি শাওন, বেজপাড়ার মন্টু মিয়ার ছেলে মোহাম্মদ আলী, একই এলাকার হানিফ, হাসান ও হিমেল গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চৌরাস্তা থেকে একটি ইজিবাইক ভাড়া করে ২ বস্তা চাল নিয়ে আসার জন্য। পরে তারা বেজপাড়া গুলগুল্লার মোড়ে যাওয়ার পর তারা ইজিবাইক চালক শরিফুল ইসলামকে পাশের একটি গলির ভেতর নিয়ে যায়। সেখানে তারা আচমকা তার ওপর হামলা চালিয়ে মারধর করে। এরই এক ফাঁকে অপরাধীরা ইজিবাইক নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ইজিবাইক মালিক কুরবান আলী কোতয়ালি থানায় একটি মামলা করেন। গত রবিবার বিকেলে মামলার এজাহারভুক্ত আসামি পোল্ট্রি শাওনকে পুলিশ আটক করে। তবে খোয়া যাওয়া ইজিবাইক উদ্ধার করা যায়নি। সোমবার আটক পোল্ট্রি শাওনকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।




