চাঁদার দাবিতে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের হুমকি চরমপন্থী পরিচয়ে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির নামে জাকিরুল ইসলাম রাজু নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। মোবাইল ফোনে এ চাঁদা দাবি করে রাজুকে বলা হয়, এক সপ্তাহের মধ্যে তাদের নির্ধারিত পরিমাণের চাঁদা পরিশোধ করতে হবে। ব্যর্থ হলে তার একমাত্র ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মাহাদিয়াল রাজিবকে অপহরণ করা হবে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
মনিরামপুর পৌর শহরের লিপি হার্ডওয়ারের মালিক জাকিরুল ইসলাম রাজু জানান, শনিবার দুপুর ১২ টার দিকে তার মোবাইল ফোনে ০১৯৯২-৭১০৬৪৩ নম্বর থেকে একটি কল আসে। অপরপ্রাপ্ত থেকে নিজেকে সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার মেজর মুজিবুর রহমান নামে পরিচয় দেন। তিনি রাজুকে জানান, সর্বহারা পার্টির ১১/১২ জন সদস্য অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়ে বেশ কয়েকমাস যাবত জেলহাজতে রয়েছে। ওই ক্যাডারদের জামিন করতে ইতোমধ্যে আইনমন্ত্রী আনিসুল ইসলামের সাথে কথা হয়েছে। মেজর মুজিবুর পরিচয়দানকারী ওই ব্যক্তি আরও জানান,ক্যাডারদের জামিন করতে আইনমন্ত্রীকে ২০ লাখ টাকা দিতে হবে। তাই এ ব্যাপারে সহযোগিতা চেয়ে রাজুর কাছে চাঁদা চাওয়া হয়। রাজু জানান, তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ফোনকারী তাকে জানান, দুএকের মধ্যে চাঁদার পরিমাণ জানানো হবে। আর তা এক সপ্তাহের মধ্যে নির্ধারিত ব্যক্তির কাছে পরিশোধ করতে হবে। অন্যথায় রাজুর একমাত্র ছেলে চতুর্ত শ্রেণির ছাত্র মাহাদিয়ার রাজিতকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে রাজু রবিবার দুপুরে থানায় একটি জিডি করেন। পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে অভিযোগের তদন্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।

ভাগ