স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর শহরের থানার মোড় এলাকায় একরাতে ৭ দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রায় ৪২ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে শহরের থানা মোড় এলাকার ব্যবসায়ীরা রাত সাড়ে ১১ টার পর দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যান। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর পালাক্রমে সবগুলো দোকানে চুরি করে। চোরেরা থানার মোড়ের আসমা মেডিকেল হল থেকে ২৫ হাজার ২০০ টাকা, মৌসুমী মেডিকেল হল থেকে ৩ হাজার, নিউ মামা-ভাগ্নে বস্ত্রালয় থেকে ২ হাজার ৫০০, রহমান বস্ত্র বিতান থেকে ৩ হাজার, কালাম স্টোরের মুদি দোকান থেকে ৭ হাজার ৮০০, উপজেলা সড়কের প্রবেশ মুখের আলম টেলার্স অ্যান্ড শাড়িঘর থেকে ৫ ভরি রুপা, চার আনা ওজনের স্বর্ণের আংটি ও হাসপাতাল সড়কের লুৎফর রহমানের ইলেক্ট্রনিক্স দোকান থেকে ১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার কামরুজ্জামান বলেন, সকালে চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।





