আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ক্ষেতের ফসল রক্ষার নামে নির্বিচারে পাখি নিধন করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা কোন ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। বাউকুল ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেতে কারেন্ট জাল দিয়ে ফসল রক্ষার নামে বিপন্ন প্রজাতির পাখি হত্যা করা হচ্ছে। অথচ এই পাখি পরাগায়নের মাধ্যমে কৃষি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার মহেশপুর, কোটচাঁদপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন মাঠে কারেন্ট জাল দিয়ে ফসলের ক্ষেত রক্ষা করা হচ্ছে। এই জাল ব্যবহারের ফলে ফসলের ক্ষতি করে না এমন পাখিও মারা যাচ্ছে। ক্ষেতের উপর দিয়ে রাতে ও দিনে উড়ে চলা পাখিও ধরা পড়ছে কারেন্ট জালে। শৈলকুপার দুধসর এলাকার এক কৃষক কয়েক বছর ধরে তার বাউকুল ক্ষেতে কারেন্ট জাল পেতে পাখি নিধন করে আসছিলেন। সম্প্রতি তিনি তার কুলের ক্ষেত কেটে ফেলেছেন। মহেশপুর ও কোটচাঁদপুর এলাকার বহু মাঠে কারেন্ট জাল দিয়ে ফসলের ক্ষেত ঘিরে রাখা হয়েছে। পাখি বিশেষজ্ঞরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বিচারে পাখি হত্যাকারী কৃষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহম্মদ সনজু বলেন, পাখি নিধন করা দন্ডনীয় অপরাধ। পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু কৃষকরুপি কিছু ব্যবসায়ীর কারণে পাখির জীবন বিপন্ন হচ্ছে। পাখি আমাদের শষ্য ভান্ডারকে সমৃদ্ধ করে। কাজেই পাখি নিধনকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমি অনেক বছর ধরেই গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছি। নানা কর্মসূচি পালন করেছি। তারপরও প্রশাসনের কোন নজরদারি নেই। ধর্মীয় নেতারা জানান, ক্ষেতে উৎপাদিত ফলমুল পশু-পাখিতে না খেলে বরকত আসে না। সেখানে তাদের হক ও রিজিক রয়েছে। যারা কারেন্ট জাল দিয়ে পাখি নিধন করেন, কঠিন গোনাহগার হিসেবে তাদের শাস্তির সম্মুখিন হতে হবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা বনকর্মকর্তা গিয়াস উদ্দীন মুকুল বলেন, পাখি হত্যা ও ধরা অপরাধ। তবে ক্ষেতে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার বিষয়ে আমাদের আইনে সুস্পষ্ট কোন নির্দেশনা নেই। আমরা চেষ্টা করছি কৃষকদের এভাবে পাখি নিধন থেকে নিবৃত্ত করতে, কিন্তু পারছি না।





