ঝিনাইদহে দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কেরোসিন ঢেলে আগুন দেয়া সেই দগ্ধ স্ত্রী পিংকি (২০) মারা গেছেন। আটদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। পিংকি ঝিনাইদহ শহরের নতুন হাটখোলাপাড়ার সৌরভের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্র“য়ারি সন্ধ্যার দিকে শহরের নতুন হাটখোলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী সৌরভ। এ সময় জীবন বাঁচাতে পিংকি স্বামীকে জাপটে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। এ দিন রাতেই পিংকির মা বাদী হয়ে সৌরভকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ জামাই সৌরভকে গ্রেফতার করে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আদর্শপাড়ার সাত্তার মণ্ডলের ছেলে সৌরভের সাথে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকির দু মাস আগে বিয়ে হয়। পিংকি ছিলেন অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করেন সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌরভকে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসকরা জানান, আগুনে পিংকির শরীরের ৮০% পুড়ে গেছে। এদিকে পিংকি হত্যার প্রতিবাদে তার স্বজন ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভার ডাক দিয়ে ঝিনাইদহ শহরে মাইকিং করেছে।

ভাগ