স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী দলীয় প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় দিন গুণছেন। তাদের ধারণা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দীর্ঘদিনের হারানো আসনটি পুনরুদ্ধার করতে পারবেন। আগামী ২৯ মার্চ এ আসনের উপ-নির্বাচন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ লাখ ৯৩ হাজার ৫ শ ৩৪ জন ভোটার রয়েছেন এ আসনটিতে। এবারের নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ৫ জন প্রার্থী। তারা হলেন, বিগত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কের্ন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম স¤পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান তপন। ইতোমধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন। সকল প্রার্থীই দলীয় নির্দেশনা মেনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘুরে দাঁড়াতে চায়। তাদের ধারণা, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাকার না হওয়ায় আসনটি উদ্ধার করা খুব বেশি কষ্টকর হবে না। পত্রিকায় নাম না প্রকাশের শর্তে কয়েকজন নেতাকর্মী জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে এ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে।





