বিল-বেতনের দাবিতে আলীম জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর প্রত্যেক পাটকল শ্রমিকের নতুন মজুরি কমিশন যুক্ত করে স্লিপ দেয়া ও পরবর্তীতে স্লিপের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আটরা শিল্পাঞ্চলের আলিম জুট মিলের শ্রমিকরা স্লিপ পেলেও বিজিএমসি কর্তৃপক্ষ কোনো টাকা ছাড় না দেয়ায় অদ্যাবধি শ্রমিক-কর্মচারীদের বিল-বেতন দেয়া হয়নি। বিল-বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন সিবিএ সহ-সভাপতি হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদর উদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন, শেখ জাকারিয়া, এস.এম বাবুল রেজা, তাবিবুর রহমান, মো. রেজওয়ান রাজা প্রমুখ। পথসভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সকল রাষ্ট্রায়ত্ত জুট মিলের বকেয়া পাওনা মন্ত্রণালয় থেকে দেয়া হলেও আলিম জুট মিলের শ্রমিক কর্মচারীদের বিল-বেতন দেয়া হয়নি। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আন্দোলনের বিকল্প নেই। সৃষ্ট সমস্যা নিয়ে ঢাকায় অবস্থানরত সিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম লিঠু মুঠোফোনে বলেন, বৈঠক চলছে এখান থেকে কোন সমাধান না হলে আগামীকাল সিবিএ-ননসিবিএ সভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভাগ