আন্তর্জাতিক সংবাদ

এবার দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু, বাড়ছে আতঙ্ক
লোকসমাজ ডেস্ক ॥ চীনের চৌহদ্দি পেরিয়ে দেশে দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার দণি কোরিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে ঘিরে বাড়ছে আতঙ্ক। বৃহস্পতিবার দেশটির চতুর্থ বৃহত্তম একটি নগরীর রাস্তা-ঘাট সব ফাঁকা হয়ে গেছে। অধিবাসীরা সবাই ঘরে রয়েছে। ২৫ লাখ অধিবাসীর দেয়াগু শহরের শপিং মল এবং সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে এবং শহরতলীর রাস্তাগুলোও ফাঁকা হয়ে গেছে। স্থানীয় এক অধিবাসী ফোনে বার্তা সংস্থা রয়টার্স কে জানিয়েছেন,“পরিস্থিতি দেখে মনে হচ্ছে,শহরের মাঝখানে কেউ বোমা ফেলেছে। অনেকটা জম্বি হামলার মত বিপর্যয় ঘনিয়ে এসেছে বলে মনে হচ্ছে।” দণি কোরিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে এবং বৃহস্পতিবার দেশটি এ ভাইরানের প্রথম একজনের মৃত্যুর খবর জানিয়েছে। দেয়াগু শহরে একটি চার্চে প্রার্থনায় যোগ দেওয়া ৯০ জন মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর শহরটির মেয়র অধিবাসীদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

ট্রাম্পের সফরের আগে ভারতে বস্তি ঢাকতে দেয়াল, যমুনায় পরিষ্কার পানি
লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুইদিনের ভারত সফরের আগে গুজরাট ও উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ দুই শহর আহমেদাবাদ ও আগ্রাকে নতুন রূপে সাজানো হচ্ছে। ট্রাস্পের গাড়ি বহর আহমেদাবাদের যে পথ দিয়ে যাবে, সে পথে থাকা বস্তি ঢাকতে তোলা হচ্ছে চার ফুট উঁচু দেয়াল। আগ্রার বিভিন্ন সড়ক ও দেয়াল পাচ্ছে নতুন রং। তাজমহলের পাশে থাকা যমুনা নদীর উৎকট গন্ধ ঢাকতে সেখানে ঢালা হচ্ছে বিপুল পরিমাণ পরিষ্কার পানি। আগামী সোমবার গুজরাট থেকে ট্রাম্পের এ দুইদিনের সফর শুরু হবে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িবহর ছুটবে নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের দিকে। মোদীর সঙ্গে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পর হবে ‘নমস্তে ট্রাম্প’। এ অনুষ্ঠানেই লাখো লোকের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হবে।

নারী সেজে ইসরায়েলি সেনাদের হামাসের ধোঁকা
লোকসমাজ ডেস্ক ॥ নারী সেজে ইসরায়েলি সেনাদের বোকা বানাল হামাস। নারীদের ভুয়া ছবি ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি সেনার ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। বিবিসি জানায়, সেনাদের কাছে হামাস অল্প বয়সী নারীদের নকল ছবি পাঠিয়েছিল বলে দাবি করেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কর্নিকাস। বিভিন্ন ভঙ্গিতে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে তারা পুরুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। ছবিগুলো খুলে দেখার সঙ্গে সঙ্গে সেনাদের অজান্তে তাদের মোবাইলে একটি অ্যাপ হয়ে যায়। বন্ধুত্ব হওয়ার পর সেনাদের একটা লিংক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এটির মাধ্যমে তারা একে অপরকে ছবি পাঠাতে পারবে। লিংকে কিক করার পর ফোনে ম্যালওয়ার ডাউনলোড হয়ে গেছে। এর ফলে ফোনগুলোতে এমন এক ভাইরাস ইনস্টল হয়েছে যা দিয়ে ফোনের সকল ছবি, ফোন নম্বর, তথ্য ও অবস্থান জানা সম্ভব। এই ভাইরাস দিয়ে ফোন ব্যবহারকারীর অজান্তে সেটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা সম্ভব। এসব বিষয়ে সেনাদের সতর্ক করা হলেও দেখা যাচ্ছে তাতে অনেকেই কান দেয়নি। তবে তেমন কোনো গোপন তথ্য তারা নিতে পারেনি বলে দাবি জনাথন কর্নিকাসের।

ভাগ