স্টাফ রিপোর্টার ॥ যশোরের মিলিটারি ফার্ম থেকে চুরি যাওয়া একটি ওয়াকিটকিসহ ফয়সাল হোসেন (২৫) নামে একজন প্রাইভেটকারচালক আটক হয়েছেন। গত বুধবার রাতে তাকে আটক করে মিলিটারি পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। আটক ফয়সাল হোসেন সদর উপজেলার ক্ষিতিবদিয়া চাকলাদারপাড়ার রফিকুল হোসেনের ছেলে। কোতয়ালি থানার পুলিশ জানায়, ১১ মাস আগে মিলিটারি ফার্মে কর্মরত এক ব্যক্তি নামাজ পড়তে মসজিদে গেলে তার ওয়াকিটকি চুরি হয়ে যায়। এ ঘটনার পর গত বুধবার রাত আটটার দিকে ওই এলাকার ক্যান্টিনের সামনে একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখেন সেখানকার লোকজন। উঁকি দিয়ে দেখা যায় ভেতরে একটি ওয়াকিটকি রয়েছে। পরে মিলিটারি ফার্মের লোকজন সেখানে গিয়ে দেখেন সেটি ১১ মাস আগে চুরি যাওয়া ওয়াকিটকি। এ সময় লোকজন গাড়িচালক ফয়সাল হোসেনকে আটক করেন। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। কিন্তু ওয়াকিটকি এবং উদ্ধার হওয়া ৫০ হাজার টাকার বিষয়ে তিনি কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে রাতে মিলিটারি পুলিশ তাকে আটক করে কোতয়ালি থানায় সোপর্দ করে। এছাড়া তার গাড়িটিও জব্দ করে থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় মিলিটারি ফার্মের সুপারভাইজার নাজমুল হুদা থানায় একটি মামলা করেছেন।





