বাগেরহাটে-৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল তিন প্রার্থীর

বাগেরহাট সংবাদদাতা ॥ সম্প্রতি শূন্য হওয়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন, বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী। বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলীর কাছে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা এবং মোরেলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোস্তফা কামালের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বড় দুদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন,বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নের দাখিলের শেষ দিনে ৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমাদানের শেষ দিন, ২৩ ফেব্রুয়ারি বাছাই, ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।

ভাগ