স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা সড়কের সীমাখালী বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহরের কমটেক ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোশারফ হোসেন (৪৭) নিহত ও তার স্ত্রী যশোর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভীন (৩৫) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে যশোরে ফেরার পথে একটি ট্রাকের সাথে দুর্ঘটনায় তারা হতাহত হন। নিহত মোশারফ হোসেন মাগুরা সদর উপজেলার খালিমপুরের মৃত শরাফত জোয়ারদারের পুত্র।
কমটেক ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভীনের ভাই মোসাব্বির হোসাইন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মোশারফ হোসেন যশোর হতে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি মিঠাপুরে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে যশোর শহরে বাসায় ফিরছিলেন। দ্রুতগতিতে আসার পথে সীমাখালী বাজারে তার সামনে একটি ট্রাক পড়ে। মোটরসাইকেলটি ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের দিকে নিচে চলে যায় এবং মোশারফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। তার স্ত্রী শাহানাজ পারভীন গুরুতর আহত হন। পরে একজন পথচারী তাদের উদ্ধার করার পর রাত পৌঁনে ১২টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান।
সংবাদ শুনে যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের ভেতর নেমে আসে শোকের আবহ।





