যশোরে প্রবাসী ছাত্রীকে ব্লাকমেইলিং চেষ্টাকারী দুই যুবকের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চীনে অধ্যায়নরত যশোর উপশহর এলাকার এক ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আটক দুই প্রতারকের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীর পিতার কাছ থেকে তারা চাঁদা হিসেবে এই টাকা নিয়েছিলো। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আটক প্রতারকরা হচ্ছে-নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিনকীকান্দি গ্রামের মুনসুর আলীর ছেলে বর্তমানে যশোর সদরের কলাবাগান এলাকায় বসবাসকারী মোহাম্মদ আলী ও নড়াইলের কামার প্রতাপ গ্রামের ইকবাল হোসেনের ছেলে বর্তমানে যশোরের খয়েরতলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবাসিক এলাকায় বসবাসকারী ইব্রাহিম।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রতারক মোহাম্মদ আলী ও ইব্রাহিম ভবঘুরে প্রকৃতির। এদের মধ্যে একজনের মা কৃষি গবেষণা ইনস্টিটিউটের মালি এবং অপরজনের পিতা আরেকটি দফতরে নি¤œ পদে চাকরি করেন। প্রতারক মোহাম্মদ আলী ফেসবুক ফ্রেন্ড হওয়ায় সে ওই ছাত্রীর পরিবারকে ব্লাকমেইলিং করে এক বছর ধরে চাঁদা দাবি করে আসছিলো। মাস খানেক আগে তাদের কাছে ৬ লাখ টাকা দাবি করা হয়। নইতো ছাত্রীর মা ও পিতাকে হত্যার হুমকি দেয় মোহাম্মদ আলী। বিষয়টি পুলিশকে জানায় ছাত্রীর পরিবার। এরপর গত সোমবার সন্ধ্যায় যশোরের বোটকাবের সামনে গিয়ে প্রতারক মোহাম্মদ আলী ও তার সহযোগী ইব্রাহিমকে চাঁদার ১ লাখ টাকা প্রদান করা হয়। এ সময় পুলিশ হাতেনাতে তাদের আটক করে। উদ্ধার করা হয় চাঁদার ১ লাখ টাকা। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান, ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম উপস্থিত ছিলেন।

ভাগ