যশোরে সিভিল সার্জনের কাছে জনযুদ্ধ পরিচয়ে চাঁদা চেয়ে ফোন আসে ঢাকা থেকে

স্টাফ রিপোর্টার ॥ যশোরের সিভিল সার্জন আবু শাহীনের কাছে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন জনযুদ্ধের কর্মী পরিচয়ে চাঁদা দাবি করে মোবাইল ফোন করা হয় রাজধানী ঢাকার পল্লবী থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। ওই চাঁদাবাজকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। যশোর পুলিশ প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গত রোববার সকালে চরমপন্থি সংগঠন জনযুদ্ধ পরিচয়ে সিভিল সার্জনের কাছে মোবাইল ফোন চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় জিডি করার পর পুলিশ জড়িত অপরাধীকে শনাক্ত এবং আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, সিভিল সার্জনের কাছে ফোনটি এসেছে ঢাকার পল্লবী থেকে। তিনি আরো বলেন, এটা প্রতারকচক্রের কাজ। তারা নিজেদেরকে অমুক শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে লোকজনকে ফোন করে চাঁদা দাবি করে আসছে অনেক দিন ধরে। ফরিদপুরের ভাঙ্গা এবং মাদারীপুরের রাজৈর উপজেলায় এ ধরনের অনেক প্রতারক রয়েছে।

ভাগ