স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরা হচ্ছে-উপজেলার বুইকারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে মির্জা তমাল, দিলীপ বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস, গুয়াখোল গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে বিল্লাল হোসেন ও মৃত মানিক মোল্লার ছেলে আকাশ মোল্লা। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ আগস্ট বুইকারা গ্রামের বাসিন্দা মুক্তার আলী মোড়ল এবং তার ভাগ্নে আলামিন স্থানীয় জগোবাবুর মোড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় হাসপাতাল মোড়ে পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করে। এ সময় তারা তাদের মারপিট করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোক্তার আলী মোড়ল অভয়নগর থানায় একটি মামলা করেন।





