স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরের পল্লীতে শাহাজাহান আলী নামে এক কৃষকের টিপসই জালিয়াতি করে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করা হয়েছে নেহালপুর গ্রামের মৃত নওশের আলী মোল্যার ছেলে আবু সাঈদের বিরুদ্ধে। নেহালপুর গ্রামের মৃত ইনতাজ আলী মোড়লের ছেলে কৃষক শাহাজাহান আলী মোড়ল জানান, ১৯৯০ সালে তিনি প্রতিবেশী আবদুল মজিদের কাছ থেকে নেহালপুর মৌজার পাঁচ শতক জমি কেনার (রেজিস্ট্রি) পর ভোগদখল করতে থাকেন। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে শরিকানা দাবি করে আবদুল মজিদের তিন ভাইপো আবু সাঈদ, মোস্তাফিজুর রহমান ও মাহাফুজুর রহমান ওই জমি দখল করেন। এরপর আবদুল মজিদ শাহাজাহানকে তার অন্য একটি দাগের পাঁচ শতক জমি বুঝে দেন। সে মোতাবেক শাহাজাহান আলী ওই জমি চাষাবাদ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে শাহাজাহান মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। শাহাজাহানের অভিযোগ, এ সুযোগে তার টিপসই জাল করে আবু সাঈদ ও তার দুই ভাই মোস্তাফিজুর রহমান ও মাহাফুজুর রহমান ওই পাঁচ শতক জমি নিজেদের নামে লিখে নিয়ে দখল করেন। ফলে কৃষক শাহাজাহান আলী তার জমি ফেরত পেতে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। এ ব্যাপারে গত শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মাতব্বর মুজিবুর রহমান উভয়পক্ষকে ডাকেন। অভিযোগ রয়েছে, শাহাজাহান আলী হাজির হলেও আবু সাঈদ ও তার দুই ভাই হাজির হননি। ফলে সমঝোতার চেষ্টা ভন্ডুল হয়। তবে আবু সাঈদ ও তার দুই ভাই জানান, ১৯৯৫ সালে শাজাহানের কাছ থেকে ওই পাঁচ শতক জমি কেনার পর তারা দখল করেন।





