স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকাল রোববারের একমাত্র খেলায় জয় পেয়েছে নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এ খেলায় তারা যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজকে ৬ উইকেটে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে শিক্ষা বোর্ড স্কুল ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সাকি হুসাইন ৩৪, অভি ঘোষ ৩১ এবং আশরাফুজ্জামান ২৯ রান সংগ্রহ করে। এছাড়া দলে অতিরিক্ত থেকে আসে ১০ রান।
অপরদিকে, বল হাতে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের সাহাবুদ্দিন আহমেদ ৪টি, রাইসুল ইসলাম ৩টি এবং আবিদ আহমেদ ১টি উইকেট লাভ করে। জয়ের জন্য বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমন হোসেন ৫১, মাইমুল ইসলাম ও আবরার শাহরিয়ার জয়সূচক ১৬টি করে রান সংগ্রহ করে। এছাড়া দলে অতিরিক্ত থেকে আসে ২৩ রান। অপরদিকে, বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের সাকিব হোসেন ২টি এবং আরকু বিশ্বাস ও আশরাফুজ্জামান ১টি করে উইকেট লাভ করে।




