স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর মুড়লীতে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। আহত অন্তর বিশ্বাস (১৭) বালিয়াডাঙ্গা গ্রামের মুরাদ বিশ্বাসের পুত্র। তার ভাই হৃদয় বিশ্বাস এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। হৃদয় বিশ্বাস জানিয়েছেন, তার ভাই অন্তর বিশ্বাস মুড়লীর একটি গ্যারেজে ডেন্টিং মিস্ত্রির কাজ করেন। কাজ করার সুবাদে ভৈরব নদের ওপর সিতারামপুর সাকো পার হয়ে তাকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। ওই সাকোর পাশে রাকিব, মো. ভেলা, মো. তুফান, মো. আজিজুরসহ অজ্ঞাত ৩/৪ জন মাদক ব্যবসা করে এবং এলাকায় ছিনতাই করে বেড়ায়। তাদের মাদক ব্যবসা অন্তর দেখে ফেলায় সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
গতকাল সকালে অন্তর বিশ্বাস সাকো পার হয়ে হাজী মোহাম্মদ মহাসিন স্কুলের পেছনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে ধরে বেদম প্রহার করে। এতে অন্তর বিশ্বাস গুরুতর আহত হলে তার কাছ থেকে ২ হাজার ৬শ’ ৫০ টাকা এবং ১৮ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।





