মনিরামপুরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ এবং সহায়তার মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এতে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। মনিরামপুর থানা পুলিশের এসআই খান আব্দুর রহমান তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আলতাফ হোসেন, তার দুই ছেলে আব্দুর রাজ্জাক লিটন ও রিপন এবং নুরুল ইসলামের ছেলে খালিদুর রহমান টিটো। মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে আসামি লিটন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি লিটনের পরিবারকে জানানো হয়। কিন্তু লিটনের পরিবারের লোকজন এতে কর্ণপাত করেননি। যে কারণে লিটন বেপরোয়া হয়ে ওঠেন। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মনিরামপুর সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে উল্লিখিত আসামিরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। পরে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার পিতা মনিরামপুর থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। এরপর পুলিশ তদন্তকালে আসামি লিটনের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পায়। এছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে ছাত্রী অপহরণ এবং সহায়তার প্রমাণ পাওয়ায় উল্লিখিত চারজনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত লিটনকে আটক দেখানো হয়েছে।

ভাগ