উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৬ এসএসসি পরীক্ষার্থীকে মারধর

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে পরীক্ষার কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ছয় এসএসসি পরীক্ষার্থী। তাদের মধ্যে চারজন ছাত্রী। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলাকারী কারা তা নিশ্চিত করে বলতে পারেনি ওই শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা শনিবার বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তারা সদর উপজেলার সাবেকডাঙ্গা হাবেলী সালেহিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা ও বাগমারা গ্রামের দাখিল পরীক্ষার্থী চার ছাত্রী ও দুই ছাত্রের অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার জন্য ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া করে দেন। ওই অটোরিকশায় করে তারা পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়া করে। শনিবার পরীক্ষা শেষে ফেরার পথে রণবিজয়পুর মোড়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক অটোরিকশা আটকে তাদের বিভিন্ন অশ্লীল কথা বলে এবং অটোরিকশায় থাকা ছয় শিক্ষার্থীকে মারধর করে চলে যায়। আহত এক ছাত্রী বাগেরহাট সদর হাসপাতালে বলেন, ‘গত বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই মোড়ে দাঁড়িয়ে থাকা চার-পাঁচ যুবক আমাদের নানা কুরুচিপূর্ণ কথা বলে। আমাদের সাথে থাকা এক ছেলে সহপাঠী ওই যুবকদের কথার প্রতিবাদ করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের গাড়ি থামিয়ে সবাইকে মারধর করে চলে যায়। রবিবারও পরীক্ষা আছে। আমরা সবাই নিরাপত্তাহীনতায় আছি।’
হাবেলী সালেহিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ আবদুল মান্নান বলেন, ‘আমাদের মাদ্রাসার সভাপতি এ ঘটনা শুনে ফোন করে ঘটনা জানালে আমিসহ শিক্ষকরা হাসপাতালে যাই। তাদের বেদম মারধর করা হয়েছে। মেয়েদের হাত ফুলে গেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। ছাত্রীরা যেন নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’ বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এরশাদ বলেন, তিন পরীক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে শুনেছি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। ওই যুবকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।