কলারোয়ার কেঁড়াগাছি বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবনে পাঠদান বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ছাদের পলেস্তরা খসে পড়েছে, দেয়ালের অবস্থাও নাজুক এমন স্কুল ভবনে ঝুঁকি নিয়ে লেখাপড়া করতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের। উপজেলার কেঁড়াগাছি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র চোখে পড়েছে। জরাজীর্ণ ও ভঙ্গুর রুমে ক্লাস করার সময় মাঝে মধ্যেই ছাদের পলেস্তরার অংশ খসে পড়ে মাথার ওপর। বিদ্যালয়ের সভাপতি মুনছুর আলী বিশ্বাস জানান, ‘বিদ্যালয়টি ১৯৬৭ সালে স্থাপিত এবং এই ভবনটি তৈরি হয়েছিলো ১৯৯৪ সালে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় ছাদ খসে পড়েছে এবং রড দেখা যাচ্ছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব হোসেন বলেন, ‘বিদ্যালয়ের ১৫০জন ছাত্র-ছাত্রী ও ৫জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছেন। ছাদের ভঙ্গুর অবস্থায় আমরা ভীতসন্ত্রস্ত হয়ে থাকি। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
কয়েকজন অভিভাবক জানান, ‘বিদ্যালয়ের ভগ্ন অবস্থার মধ্যেই আমাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে হচ্ছে। এজন্য আমরা খুব চিন্তিত রয়েছি। সংস্কার করা না হলে সন্তানদের অন্যত্র ভর্তি করতে হবে।’ অবিলম্বে নতুন ভবন নির্মাণ কিংবা বিদ্যালয়টি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন বলেন- ‘উপজেলার বিভিন্ন স্কুলের জরাজীর্ণ ভবনের যে তালিকা পাঠিয়েছি তাতে এই স্কুলেরও নাম রয়েছে। আমি আজ-কালের মধ্যে সরেজমিনে ওই বিদ্যালয় পরিদর্শন করে অবস্থা বুঝে পরবর্তী নির্দেশনা পাঠাবো।’

ভাগ