বাগেরহাটে পরীক্ষার্থীদের ওপর বখাটের হামলা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ৫ এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর ওপর বখাটেরা হামলা চালিয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্রী। ছাত্রীদের যৌন হয়রানিও করেছে বখাটেরা। শনিবার দুপুরে সদর উপজেলার রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষার্থীরা বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎস্যা নিয়েছেন।
হামলার শিকার শিক্ষার্থীরা হলো, সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার হাবেলি সালেহিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মুসা হাসান, সাইফুল এবং তিনজন ছাত্রী। এদের সবার বাড়ি সদর উপজেলার বাগমারা ও সাবেকডাঙ্গা গ্রামে। তারা বাগেরহাট শহরের কামিল মাদরাসা থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তরা জানায়, এসএসসি পরীক্ষার শুরু থেকে চুক্তি করা অটোতে আমরা পরীক্ষা কেন্দ্রে আসি এবং পরীক্ষা শেষে ওই অটোতেই বাড়িতে যাই। বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার সময় রনবিজয়পুর মোড়ে আমাদের সহপাঠি সাইফুল নেমে যায়। তখন কয়েকজন বখাটে বলে তুই নামিস ক্যান, একটি মেয়েকে নামিয়ে দিতে পারিসতো আমাদের কাছে। তারপর আমরা চলে যাই। এরপর শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রনবিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দড়িতালুক গ্রামের আরিফসহ ৮-১০ বখাটে আমাদের পথ আটকায়। আমাদের কিল-ঘুষি ও লাঠিপেটা করে। অনেক আজেবাজে গালিগালাজও করে। স্থানীয় অনেক লোক আশেপাশে দাঁড়িয়ে থাকলেও কেউ ঠেকাতে আসেনি আমাদের। ভয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করছিলাম। একপর্যায়ে বখাটেরা চলে যায়। আমরা বখাটেদের কঠোর শাস্তি চাই।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক এরশাদ বলেন, তিনজন পরীক্ষার্থী আমার এখানে চিকিৎসা নিয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাড়ি যেতে বলা হয়েছে। মাদরাসা ব্যবস্থাপনা কিমিটির সভাপতি রুহুল আমিন হাওলাদার বলেন, ’রনবিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা’। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, ’এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরেও আমরা বিষয়টির খোঁজখবর নেয়ার চেষ্টা করছি’।

ভাগ