যশোর ও শার্শায় মা ছেলেসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ী ও বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার॥ যশোরের ডিবি পুলিশ যশোর শহরের চাঁচড়া চেকপোষ্ট এবং শার্শা উপজেলার বারোপোতা গ্রামে আলাদা অভিযান চালিয়ে মোট ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫জনকে আটক করেছে। এর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যশোরের রায়পাড়ার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তপন ওরফে টেরা তপনের স্ত্রী স্বপ্না খাতুন (৩৫) রয়েছেন। অন্যরা হলেন, স্বপ্নার বোন খড়কী এলাকার মন্টুর স্ত্রী সালমা খাতুন (৩৬), সদর উপজেলার মন্ডলগাতী পুলেরহাট এলাকার আজিজুল ইসলামের ছেলে গোলাম সরোয়ার রিটু (৪৫), শার্শার বারোপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মিনু বেগম (৪২) ও তার ছেলে সাজ্জাদ আলম আগুন (২২)।
ডিবি’র এসআই শামীম হোসেন জানিয়েছেন, গত শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে যশোরের পুরাতন বেনাপোল স্ট্যান্ড এলাকা প্রথমে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না, সালাম ও রিটুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তথ্য পায় যে- শার্শার মিনু বেগম ও তার ছেলে আগুনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে যশোরে ফিরছিলেন। পুলিশ তথ্য পেয়ে বিকেলে শার্শার বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে মা-ছেলেকে আটক করে। তাদের ঘর তল্লাশি করে আরো একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় যশোর কোতয়ালি থানায় স্বপ্না, সালমা ও রিটুকে আসামি করে এবং শার্শা থানায় মিনু ও তার ছেলে আগুনকে আসামি করে দুইটি মামলা হয়েছে।

ভাগ