স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের পূর্ববারান্দী পাড়ার বটতলার একটি বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। পুর্ববান্দীপাড়ার বটতলার বাসিন্দা ইসমাইল হোসেন বাদল অভিযোগ করেন, শনিবার ভোররাতে কে বা কারা আমাদের বাড়ির ভেতরে বোমা ছুড়ে মারে। সকালে ঘুম থেকে উঠে দেখি, একটি বিস্ফোরিত বোমা পড়ে রয়েছে। আশেপাশে ছাড়িয়ে ছিটিয়ে আছে বারুদ, দেড় শতাধিক সাইকেলের বল এবং একটি ভাঙ্গা জর্দার কৌটা। সংবাদ দিলে পুলিশ এসে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরো জানিয়েছেন, প্রতিবেশী জাহিদুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। সে অথবা তার লোকজন বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভীতি তৈরি করার চেষ্টা করতে পারে বলে তিনি দাবি করেন। কিন্তু জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘ইসমাইল ও তার দুই বোন শাহিদা ও ইসমতারা বেশ সমালোচিত। তাদের আচারণ ও চলাফেরা ভাল না। এলাকায় এনিয়ে কানঘুষা আছে। আমি সরকারি চাকরি করি, সামাজিকভাবে আমার মর্যাদা রয়েছে। এসব ঘটনা আমি কল্পনাও করতে পারি না। তারা নিজের বাড়িতে বোমা রেখে বা ফাটিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। কোতয়ালি থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেছেন, পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।





