শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে ছেলে রতন রপ্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন গুজব শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ মা রেনুকা রপ্তান (৬৫) মারা গেছেন। গত সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের বিমান রপ্তানের স্ত্রী।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান জানান, রতন বেশ কিছুদিন আগে ভারতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবার বাড়িতে ফেরার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা পরীক্ষা করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান। এ খবর মহূর্তেই গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান রতনের মাকে। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যু হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. অজয় কুমার সাহা বলেন, পরীক্ষা নিরীক্ষায় রতনের শরীরে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনাটি গুজব বলে নিশ্চিত করেন।





