কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকার বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে বুধবার দুপুরে পুলিশ তাকে আটক করে। আটক সুমন হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। ভিকটিমের মা অভিযোগে উল্লেখ করেছেন, ’আমার মেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতো। গত মঙ্গলবার মেয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের পিছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার বিকেল থেকে প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েটির মা জানালে কালীগঞ্জ থানা পুলিশ শহীদ নূর আলী কলেজের পিছন থেকে উদ্ধার এবং সুমন নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




