বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত ট্রাকে আগুন

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারীতে পণ্যবাহী ট্রাকের চাপায় আব্দুল্লাহ ফকির (১৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী চালক বাবুলকে আটক করে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে। চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ’পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়া থাকা ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা চালক আব্দুল্লাহ ফকির ঘটনাস্থলে মারা যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাগ