স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে চোরাচালানিদের আরেকটি নতুন সিন্ডিকেট গঠনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় একটি আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে একটি চোরাচালান সিন্ডিকেট চলছিল। যার নেতৃত্বে রয়েছে হাফিজুর, জব্বারসহ অনেকে। সম্প্রতি সেখানে সেলিম ও জসিমের নেতৃত্বে আর একটি নতুন চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এই ঘটনায় দুই সিন্ডিকেটের মধ্যে দ্বন্দ্ব শুরু। এরই জের ধরে গত রবিবার রাত ১০ টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নতুন সিন্ডিকেটের সেলিম(৪৫) ও শরিফুল(৪৫) গুরুতর আহত হন। এ সময় একটি পক্ষ গাতিপাড়া আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। আহত সেলিমের ভাই জসিম জানান, গত রবিবার রাত ১০টার দিকে তার বড় ভাই সেলিম গাতিপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে গেলে হাফিজুর, জব্বার, মাহাবুর, রিংকু, সোহাগ, নূর হোসেনসহ ১৫/২০ জন তাকে বেদম মারধর করে । ওই রাতেই ভাইকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, গাতিপাড়া সীমান্ত দিয়ে দুটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা চলছে। প্রতিদিন ভারত থেকে এ সীমান্ত থেকে হাজার হাজার বোতল ফেনসিডিল দেশের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। গ্রামের অনেকেই অভিযোগ করেছেন প্রতিদিন যশোর, ঝিকরগাছা, নাভারণ, শার্শা, বেনাপোল ও বাগআঁচড়া এলাকা থেকে অসংখ্য মাদকসেবী গাতিপাড়া গ্রামে এসে ফেনসিডিল খায়। এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। তাদের অভিযোগ চোরাচালানকে কেন্দ্রে করে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা দুঃখজনক। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন গাতিপাড়া গ্রামে দুই গ্রুপে মারামারি হয়েছে বলে জেনেছি। তবে থানাতে কেউ কোনো অভিযোগ করেনি। কোন পক্ষ অভিযোগ করলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





