ফুলতলা (খুলনা) অফিস ॥ থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন মোহন (৫০) নামের এক ঠিকাদারকে ফুলতলার আলকা গ্রামস্থ বাসভবন থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রব ফকিরের পুত্র। পুলিশ জানায়, জাকির হোসেন মোহনের কাছে সিলেট এলাকার জনৈক ব্যবসায়ী তার পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও মোহন টাকা পরিশোধ করেননি। ফলে পাওনা টাকা আদায়ের জন্য ওই ব্যবসায়ী মোহনের দেয়া চেক ব্যাংকে জমা দেন। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়। পরে তিনি আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করলে সিলেটের মহানগর দায়রা জজ আদালত জাকির হোসেন মোহনকে ১ বছরের কারাদন্ডাদেশ ও ৩১ লাখ টাকা জরিমানা ধার্য করেন। বিচারিক আদালতে মোহন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গতকাল দুপুরে পুলিশ আলকা গ্রামস্থ বাড়ি থেকে জাকির হোসেন মোহনকে আটক করে খুলনা আদালতে সোপর্দ করে।





