বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে চিংড়ি চাষি ও প্রভাবশালীদের বাধায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে ৮৩ নদী খাল খনন ব্যাহত হচ্ছে। এর মধ্যে অনেক খালখনন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। নানা প্রতিবন্ধকতায় খালখনন কাজ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত খালখননের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ইয়াছিন নামের একটি খালখনন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মহিদুল শেখ। বর্তমানে খালটির খন কাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে, দ্রুত সমস্যার সমাধান করে খালখনন কাজ অব্যাহত রাখা হবে।
মহিদুল শেখ বলেন, পানি উন্নয়ন বোর্ড ইয়াছিন খালের প্রায় ২ কিলোমিটার খনন কাজের জন্য দরপত্র আহবান করে। মাত্র দুই কিলোমিটার খালের ২০টির উপরে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। অনেক জায়গায় খালের চিহ্ন পর্যন্ত নেই। পানি উন্নয়ন বোর্ড রেকর্ড অনুযায়ী লাল পতাকা টানিয়ে খালের সীমানা নির্ধারণ করে দেয়। আমরা সে অনুযায়ী কাজ শুরু করি। পরে স্থানীয় সুলতান, মান্নান, হানিফ ও আসাদসহ প্রভাবশালী লোকজন আমাদের কাজ বন্ধ করে দেন। আমাকে মারধর করেন। স্থানীয় জাহিদ হাসান, আবু দাউদ মাঝি, আব্দুল ওহাব হাওলাদারসহ কয়েকজন বলেন, এক শ্রেণির প্রভাবশালী লোক দীর্ঘদিন ধরে ভরাট হওয়া খালের জমি দখল করে মাছ চাষসহ বিভিন্ন কাজ করতেন। সরকারের খাল খননের উদ্যোগকে আমরা সাধুবাধ জানাই। এ খাল খনন হলে আমাদের এলাকার পানি নিষ্কাশনসহ জমিতে কৃষি ও মাছ চাষাবাদ ভাল হবে। বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে এ সমস্যার সমাধান করে দ্রুত খাল খননের দাবি জানান তারা। স্থানীয় ইউপি সদস্য আনিস মাঝি বলেন, ইয়াছিন খাল খনন হলে এ এলাকার কয়েক হাজার মানুষের অনেক উপকার হবে। যারা বাধা দিয়েছে, তাদেরও উচিত খাল খননে সহযোগিতা করা। আমরা চাই সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হোক। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, খালখননে বাধা দেয়ার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। দু পক্ষের সাথে আমরা কথা বলেছি। দ্রুত সমস্যার সমাধান করে খালখনন কাজ অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ৮৩ নদী-খালখননের বিষয়ে আমরা জিরো টলারেন্স। কোন প্রকার বাধা খালখনন বন্ধ করতে পারবে না। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, ’আমরা বিভিন্ন সময়ে খালখনন করতে গিয়ে বাধার সম্মুখিন হচ্ছি। ফলে খালখননে বেগ পেতে হচ্ছে। আমরা চাই সকলের সহযোগিতায় খনন কাজ দ্রুত সম্পূর্ণ করতে। ইয়াছিন খাল খনন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক’।





