‘সরাসরি যুদ্ধে’ জড়িয়ে পড়ল তুরস্ক-সিরিয়া
লোকসমাজ ডেস্ক ॥ প্রতিবেশী তুরস্ক ও সিরিয়া দৃশ্যত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এতদিন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের অস্ত্র ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছিল তুরস্ক। কিন্তু আসাদ বাহিনীর হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার পর সরাসরি পাল্টা হামলা চালায় তুর্কি সেনাবাহিনী। সোমবার আসাদ বাহিনীর দ্বিতীয় দফা হামলায় ইদলিবে পাঁচ সেনা নিহত ও পাঁচ সেনা আহত হলে তুর্কি সেনাবাহিনী ব্যাপক পাল্টা হামলা চালায়। এক টুইট বার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরীয় সরকারি বাহিনীর ১১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে ১০১ জন সিরীয় সেনা নিহত হয়েছে। হামলায় তিনটি ট্যাংক, দুটি হাউইৎজার পজিশন এবং একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এর আগে গত সপ্তাহে ইদলিবের সারাকেব শহরে একই ধরনের হামলায় আট তুর্কি সেনা নিহত হয়। তখন তুরস্কের পাল্টা হামলায় ১৩ সিরীয় সরকারি সেনা নিহত হয়, যদিও নিহতের সংখ্যা ৩০-৩৫ বলে দাবি করেছিল তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবকে ‘ডি-এস্কেলেশন জোন’ ঘোষণা করে গত ২০১৮ সালের সেপ্টেম্বরে চুক্তি সই করে রাশিয়া ও তুরস্ক। এই চুক্তি অনুযায়ী ইদলিবে সামরিক পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ। চুক্তি কার্যকরের বিষয়টি পর্যবেক্ষণে সেখানে বেশকিছু পোস্ট বসায় তুরস্ক। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে গত ১২ জানুয়ারি থেকে ব্যাপক হামলায় চালিয়ে ইদলিবের প্রায় অর্ধেক দখল করে নেয় রাশিয়া ও সিরীয় সরকারি বাহিনী। এতে নিহত হয় প্রায় ১ হাজার ৮০০ জন। বাস্তুচ্যুত হয় কয়েক লাখ সিরীয়। এমনিতে লাখ লাখ সিরীয় শরণার্থীর ভারে ন্যুব্জ তুরস্ক। দেশটির জনগণের মাঝে তাদের নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। এতে জনপ্রিয়তায় টান পড়েছে এরদোয়ানের একে পার্টির। ফলে নতুন করে কয়েক লাখ সিরীয় শরণার্থী ঠেকাতে কঠোর অবস্থানে যায় তুরস্ক। আলজাজিরা জানায়, তুরস্ক চুক্তি অনুযায়ী ইদলিবের নির্দিষ্ট সীমানা অতিক্রম না করতে রুশ ও সিরীয় সরকারি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু এই আহ্বান উপেক্ষা করে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করে রুশ ও সিরীয় বাহিনী। এতে ঝুঁকির মুখে পড়েছে ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’।
ইরানের হামলায় মাথায় আঘাত পায় ১০৯ মার্কিন সেনা
লোকসমাজ ডেস্ক ॥ ইরাকে বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০৯ মার্কিন সেনা মাথায় আঘাতজনিত সমস্যায় পড়ে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এর আগে পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, ৬৪ জন আহত হয়েছেন এই হামলায়। যদিও প্রাথমিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোনো আমেরিকান আহত হয়নি। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাজনিত উত্তেজনাকর পরিস্থিতিতে ৮ জানুয়ারি এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পেন্টাগন জানিয়েছে, আহতের ৭০ ভাগই আবার কাজে ফিরে গেছে। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইপ্রণেতা জনি আর্নস্ট আহতদের যথাযথ নিরাপত্তা ও সেবা দেওয়ার আহ্বান জানান পেন্টাগনকে। অবশ্য গত মাসে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সেনাদের আঘাত গুরুতর নয়। জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে হামলার পর ‘প্রচণ্ড মানসিক ধাক্কা খাওয়ার উপসর্গসহ’ ১১ মার্কিন সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্ভাব্য এই উপসর্গে আক্রান্ত আরও সেনাকে ইরাক থেকে সরিয়ে আনা হয়েছে।
চীনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ একাধিক শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত
লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণ করতে না পারায় বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীন সরকার। বিবিসি জানায়, চীনা কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধিকেও সরিয়ে দেয়া হয়েছে দায়িত্ব অবহেলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগে। চাকরিচ্যুতের মধ্যে রয়েছে হুবেই প্রদেশের হেলথ কমিশনের পার্টি সেক্রেটারি এবং কমিশনের প্রধানও। প্রদেশটির উহান শহর থেকেই করোনাভাইরাসের উৎপত্তি। একই কারণে চাকরিচ্যুত করা হয়েছে স্থানীয় রেড ক্রসের ডেপুটি ডিরেক্টরকেও। এ ছাড়া প্রাদেশিক পার্টির দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে, তাদের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে চীনা ন্যাশনাল হেলথ কমিশনের ডেপুটি ডিরেক্টরকে। সোমবার হুবেই প্রদেশে করোনাভাইরাসে সর্বোচ্চ ১০৩ জন মারা গেছেন। এই নিয়ে এই মহামারিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল।





