স্টাফ রিপোর্টার॥ ঢাকা থেকে যশোরে অসুস্থ বোনকে দেখতে আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন দুই বন্ধু। তারা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন- ঢাকার ড্যামরার বাসিন্দা বজলুর রহমানের পুত্র আলতাফ হোসেন (৪২) ও তার বন্ধু একই এলাকার হানিফের পুত্র জাহাঙ্গীর আলম (৪০)। আলতাফ হোসেন তার বন্ধুকে নিয়ে নওয়াপাড়ায় তার অসুস্থ বোনকে দেখতে আসার পথ বাসের ভেতরে এই অজ্ঞান পার্টির কবলে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় তারা ঢাকার গাবতলী থেকে যশোরে আসার উদ্দেশ্যে ঈগল পরিবহনের একটি বাসে ওঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে মোবাইল ও টাকা খোয়ান। পরে অচেতন অবস্থায় সোমবার ভোরে কোতয়ালি মডেল থানার একটি টহল দল তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এনে ভর্তি করেন।





