যশোরের বাজারে কাপুড়িয়াপট্টিতে গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বাজারের কাপুড়িয়াপট্টির একটি পোশাকের দোকানের গুদামে সোমবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এদিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাপুড়িয়াপট্টির পাঁচতলার একটি ভবনের নিচতলায় মাহাবুব গার্মেন্টসের শো-রুম। একই ভবনের উপরতলায় গার্মেন্টেসের গুদাম। সোমবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা গোডাউনের ভেতর থেকে ধোঁয়ার কুন্ডুলি বের হতে দেখতে পান। সাথে সাথে মাহাবুব গার্মেন্টেসের লোকজন ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা গোডাউনের আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানি দিয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।
এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মতিয়ার রহমান দৈনিক লোকসমাজকে জানান, তাদের তিনটি ইউনিট আগুন নেভাতে আসে। দীর্ঘ প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে তারা আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনকিছু জানতে পারেননি। এ কারণে নিশ্চিত বলতে পারছেন না আগুনের সূত্রপাত সম্পর্কে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোডাউনে অনেক কাপড় চোপড় ছিলো। ক্ষয়ক্ষতি তো হয়েছে। কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা মনে করছেন। তবে তদন্ত করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বলা সম্ভব।
সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার ম-ল জানান, মাহাবুব গার্মেন্টেসের গোডাউনে আগুন লেগেছে এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে আসেন। মূলত ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই গোডাউনে থাই গ্লাসের কাজ করতেন মিস্ত্রিরা। বিকেলে তারা গোডাউন থেকে নিচে আসার পর পরই ধোঁয়া বের হতে দেখা যায়। এ কারণে ধারণা করা হচ্ছে, মিস্ত্রিদের কেউ হয়তো সিগারেটে খেয়ে অবশিষ্ট অংশ ফেলে যাওয়া সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ব্যবসায়ীরা আরো জানান, অগ্নিকা-ের ফলে মাহাবুব গার্মেন্টেসের গোডাউনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আশঙ্কা করছেন। তাছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য পানি দেওয়ায় তাতেও ক্ষতি হয়েছে।

ভাগ