নড়াইল অফিস ॥ নড়াইলে সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় নড়াইল সার্কিট হাউজ কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম ও প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম।
কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি নিয়ে রিসোর্স পার্সনরা আলোচনা করেন। কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম আল-মামুন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে এ দেশে মুক্ত সাংবাদিকতা শুরু হয়। প্রকৃত সাংবাদিকরা মানুষের কল্যাণে কাজ করে থাকেন। সাংবাদিকতার নীতি মেনে চলে কাজ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। এ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, কার্তিক দাস, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সুলতান মাহমুদ, দৈনিক বিডি খবর সম্পাদক লিটন দত্ত, শহীদুল ইসলাম শাহী, ফরহাদ খান, হুমায়ুন কবীর রিন্টুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।




