লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালত আবাসিক হোটেলে জুয়া খেলার দায়ে পাঁচজনকে কারাদন্ড দিয়েছেন। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই অনীল কুমারের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুর ২ টার দিকে লক্ষীপাশাস্থ মডার্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের নিচতলার রুম থেকে জুয়া খেলার সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন পাবনার চাটমোহর থানার চরএনায়েতপুর গ্রামের আছু প্রামানিকের ছেলে জিয়ার প্রামানিক (৩৫), খুলনার পাইকগাছা থানার নকহাটি গ্রামের শুকুর আলীর ছেলে রফিকুল (৬৫), মেহেরপুরের গাংনী থানার পুরাতন মাটিকুমড়া গ্রামের নজরুলের ছেলে সেন্টু (২৫), ঝিনাইদহের লোয়াজাঙ্গা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে আউয়াল (৪৬), পাবনার সাথিয়া থানার সিরাজ ব্যাপারির ছেলে আব্দুস ছালাম (৫৫)। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, জুয়া খেলার সময় জুয়াড়িদের কাছ থেকে তাসসহ নগদ ৯ হাজার ৮ শ ২৭ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, জুয়াড়ি ও মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। মডার্ন আবাসিক হোটেলের মালিক নুর ইসলাম পলাতক থাকলেও পুলিশের নজরদারিতে রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী বলেন, জুয়াড়ি ছালামকে ৭ দিনের ও অন্যদের ২০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে জমা হবে এবং জুয়া খেলার সরঞ্জাম আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।





