লোকসমাজ ডেস্ক॥ জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে নকল ও ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে সরকার। এ লক্ষ্যে কঠোর শাস্তির ব্যবস্থা রেখে বিদ্যমান ওষুধ আইনকে আরও যুগোপযোগী করা হচ্ছে। প্রস্তাবিত আইনটির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অধীন ওষুধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। নকল ও ভেজাল ওষুধ উৎপাদন এবং বিক্রির দায়ে ৩৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জব্দ ও ধ্বংস করা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নকল-ভেজাল ওষুধ।’





