বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষের পুরানো ঐতিহ্যবাহী বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ভূমিদস্যু রবিউল আলম সরদার গংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, খলিলুর রহমান গাজী, আজগর আলী, ফরিদ শেখ, আবু তালেব, আব্দুল হামিদ শেখ, আনিসুর রহমান, জাহিদ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৬ সালে শিানুরাগী ব্রজলাল চক্রবর্তী ব্যক্তি উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তখন বিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ জমি ছিল। স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন দখলবাজরা বিদ্যালয়ের বেশ কিছু সম্পত্তি জবর দখল করে নেয়। ২০১৫ সালে শেষ পর্যন্ত একটি পুকুর ও খেলার মাঠসহ বিদ্যালয়ের ১ একর ৮৮ শতক জমি নিজের দাবি করে এলাকার চিহ্নিত ভূমিদস্যু রবিউল আলম সরদার দখল করেন। সেখানে খেলার মাঠে তিনি ঘরও নির্মাণ করেন। ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস বলেন, একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠ দখলের জন্য পাঁয়তারা করছেন রবিউল সরদার। এ কথা সবাই জানে বিদ্যালয়ের জমি ও আশপাশের জমি ব্রজলাল চক্রবর্তীর। এ জমি কিভাবে রবিউল সরদারের পৈত্রিক সম্পত্তি হয় তা আমরা বুঝি না। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর সবুর শেখ বলেন, জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলার রায় বিদ্যালয়ের পক্ষেই আসবে আশা করি।



