লোকসমাজ ডেস্ক॥ সরকারের এত উন্নয়ন কর্মকাণ্ডের পর ভোট দিতে জনগণের অনীহা কেন, তা খুঁজে বের করার উপর জোর দিচ্ছেন ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি নির্বাচনে ভোটার খরার দিকটি রোববার জাতীয় প্রেস কাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তোলেন তিনি। নাসিম বলেন, “এত উন্নয়নের পরে, এত সফলতার পরেও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে। কেন মানুষ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাচ্ছে না? আত্ম উপলব্ধি করার সময় এসে গেছে আমাদের।”
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জিতলেও কোনোটিতেই ভোটের হার ৩০ শতাংশ ছাড়ায়নি, যা উদ্বেগের বলছেন মতাসীন দলটির নেতারা। নাসিম বলেন, “আমরা এখন আর বিএনপি-জামায়াত শক্তিকে ভয় পাই না। ওদের কী শক্তি আছে, আমরা তা জেনে গেছি। আমি শুধু ভয় পাই, মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে না। “আমাদের ভুল নাই, তা বলবো না। ভুল ত্র“টি অবশ্যই আছে। সব সরকারের ভুল আছে, আমাদেরও ভুল আছে। আমি বলতে চাই, কেন মানুষ আজকে অনীহা প্রকাশ করছে। ঢাকা শহরে নিশ্চয়ই কোনো গলদ আছে।” আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে নাসিম বলেন, “চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যে কোনো সময় ছোবল মারতে পারে। এজন্য আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।” সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলে আয়োজিত এই আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাও বক্তব্য রাখেন।





