ফুলতলা (খুলনা) অফিস ॥ জেলা গোয়েন্দা পুলিশ গভীর রাতে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা একটি প্রাইভেটকারে ১ শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ শ্রীনগরের এনায়েত হোসেনের পুত্র সোহেল শেখ (৩৬), গোপালগঞ্জের কাশিয়ানীর মো. ওমর আলী শেখের পুত্র শেখ রানা (৩২) ও প্রাইভেটকার চালক বাগেরহাটের রামপাল উপজেলার মৃত কাঞ্চন আলীর পুত্র মাহমুদ হাসান (৪৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদ, পরিদর্শক কনি মিয়া ও এসআই মুক্তরায় চৌধুরীর নেতৃত্বে পুলিশ ফুলতলার শেষ সীমানা স্পিড ব্রেকারের কাছে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক দুটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিকআপ নিয়ে ধাওয়া দিয়ে প্রাইভেটকার ( নং- ঢাকা মেট্রো-খ-১২-৬৯৭৫) আটক করে তল্লাশি চালায়। এ সময় সোহেল ও রানার কাছে থাকা দুটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও কারটি জব্দ করা হয়। তবে অপর প্রাইভেটকারটি খুলনার দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে ওসি তোফায়েল আহমেদ বাদী হয়ে শুক্রবার ফুলতলা থানায় মামলা করেন। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুক্তরায় চৌধুরী শনিবার দুপুরে আটক ৩ মাদক ব্যবসায়ীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন করেন।





