তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গৌরাঙ্গ রায় (৪০) তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র। শুক্রবার রাতে মাদরার নিজ মাছঘেরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসন নাগরিক সংলাপে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে জলাবদ্ধতা নিরসনকল্পে সরকারি জলাশয়ের নেটপাটা অপসারণ করে জলাশয়গুলো উন্মুক্ত করার নির্দেশ দেয়। সে অনুযায়ী ৪ নভেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন মাদরা ও বালিয়াদহ এলাকায় ইজারা বাতিল ঘোষিত খালগুলো উন্মুক্ত করার লক্ষ্যে নেটপাটা অপসারণের নেতৃত্ব দিচ্ছিলেন। দুপুর দেড়টার পর তিনি মাদরা বালিয়াদহের মধ্যবর্তী খোবরাখালী খালের পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের জন্য নেটপাটা অপসারণে অভিযান চালান। এ সময় ইউএনও খাল থেকে নেটপাটা অপসারণ করতে নির্দেশ প্রদান করলে স্থানীয় সমীর কুমার দাশের লোকজন সরকারি কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গীদের ওপর হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৯১ জনকে আসামি করে তালা থানায় একটি মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে মামলার অন্যতম আসামি গৌরাঙ্গ রায়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন মামলার তদন্তকারী অফিসার তালা থানার এসআই প্রীতিশ রায়।এসআই প্রীতিশ রায় বলেন, ‘৬ নভেম্বর থানায় মামলা হওয়ার পর থেকে গ্রামছাড়া ছিলো মামলার সকল আসামি। টানা তিনমাস ধরে অভিযান অব্যাহত রাখা হয় ওই এলাকায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে’। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





