নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর বাজারে একটি রাইস মিলের ফিতায় জড়িয়ে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তাপস বাড়ই (৪২)। তিনি কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াগোপ গ্রামের নির্মল বাড়ইয়ের ছেলে। সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান মো: উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই দীপক বাড়ই জানান, তাপস বাড়ই সিঙ্গাশোলপুর বাজারে মশিয়ার রহমানের রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিলে ধানভাঙ্গানো চলাকালে তারে জড়িয়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।এখানে শনিবার সকালের দিকে তিনি মারা যান।





