ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারসহ এক ভুয়া পুলিশ গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, আড়ংঘাটা থানা পুলিশ শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে মোস্তফার মোড়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-২১০২) দ্রুতগতিতে যাওয়ার সময় থামতে সংকেত দেয়। পুলিশের সংকেত উপেক্ষা করে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের গাড়ি ধাওয়া করে। রায়েরমহল এলাকায় প্রাইভেটকার থামিয়ে চালকসহ ৩জন পালিয়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা পুলিশের এসআই এর পোশাক পরা এক ব্যক্তি এবং হাত, পা ও মুখ বাঁধা আরেক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। পুলিশের পোশাক পরা সোহেল মোল্লা (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াক গ্রামের মৃত আসাদ মোল্লার পুত্র। অপহৃত ব্যবসায়ী হলেন ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারের সেকেন্দার আলী গাজী। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে দুই সেট পুলিশের পোশাক, ব্যাজ ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করে। সেকেন্দার আলী পুলিশকে জানান, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রেজাউল করিম বলেন, আটক ভুয়া এসআইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সাথে আরও কারা জড়িত ছিল এবং কী কারণে ওই ব্যবসায়ীকে অপহরণ করল এসব ব্যাপারে তথ্য উদ্ঘাটন করে মামলা দেয়া হবে।





