বাংলাদেশের জলসীমায় ১২ ভারতীয় জেলে আটক

বাগেরহাট অফিস ॥ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগর থেকে এসব জেলেকে আটক করা হয়। শনিবার দুপুরে বাগেরহাটের মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়। ট্রলারে থাকা মাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার। মোংলা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ভারতীয় ফিশিং বোট ‘সুদীপ’ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করছিল। এই অপরাধে কোস্টগার্ড ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্মকর্তা তরিকুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন।

ভাগ